চৌদ্দগ্রামে বাস- ট্রাক সংঘর্ষে আহত ৩০, চালক আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯
অ- অ+

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাটিবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

রোববার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের বাসটি আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছালে একটি ফিডার সড়ক থেকে মাটিবাহী ড্রাম ট্রাক মহাসড়কে উঠে আসে। এ সময় বাসটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করেন।

বাসযাত্রী জেবা আক্তার বলেন, হঠাৎ ফিডার সড়ক থেকে একটি ড্রাম ট্রাক দ্রুতগতিতে মহাসড়কে উঠে বাসটির সঙ্গে সংঘর্ষ করে। এতে তার কপাল কেটে যায়।

আরেক যাত্রী আবদুর রশীদ বলেন, তিনি ফেনী থেকে বাসে উঠেছিলেন। আটগ্রাম রাস্তার মাথায় পৌঁছানোর পর বিকট শব্দ শুনতে পান। পরে দেখেন, তাঁর পা সিটের সঙ্গে আটকে গেছে। অন্য যাত্রীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় বাসিন্দা আহলাদ হোসেন বলেন, ড্রাম ট্রাকটির চালকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়দের ধারণা। সংঘর্ষে বাসচালকের দুই পা ভেঙে যায় এবং মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। এর আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন বলেন, দুর্ঘটনার কারণ ও ড্রাম ট্রাকটির বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ গোল করে যৌথভাবে শীর্ষে এমবাপে
নারায়ণগঞ্জে শুভ্র  হত্যায় ৭ জনের যাবজ্জীবন
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি জব্দ