কুষ্টিয়ায় বজ্রপাতের নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুরে ও বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকোলা এলাকায় ঘটনা ঘটে।
নিহতরা- দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরোজ আলী (২৮) ও সদর উপজেলার আলমপুর ইউনিয়নের দহকোলা কারিগর পাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে রওশন আলী (নুশু)
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া দৌলতপুরে রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে বাড়ির পাশে নদীর ধারে বসে ছিলেন আরোজ আলী। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত হলে আরোজ আলী গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এসে আরোজ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা কারিগরপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে রওশন আলীসহ চারজন গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রওশন আলীকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে আহত তিনজন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতের নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













