সিরাজদিখানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক তিনটি স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার শেখরনগর ইউনিয়নের ফৈনপুর পশ্চিমহাটি, ফুরসাইল ও রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর এলাকায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফৈনপুর পশ্চিমহাটিতে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১
১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে শেখরনগর ইউনিয়নের ফৈনপুর পশ্চিমহাটি এলাকায় অভিযান চালায় শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। এসআই (নিঃ) মো. ওয়াহিদুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নিজ বসতবাড়ির উত্তর পাশের পাকা রাস্তা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ মো. আবু তাহের শেখ (৬০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি স্থানীয় মৃত আলী হোসেনের ছেলে।
ফুরসাইলে ইয়াবাসহ গ্রেপ্তার ২
একই দিন বিকেলে উপজেলার ফুরসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করেন এসআই হাসনাইন আহম্মেদ। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাকালদী (বড় বাড়ী) এলাকার মৃত সিরাজুল মৃধার ছেলে মো. রাজু (৩৬) এবং মৃত ফজল শেখের ছেলে মো. বিপ্লব (৪২)-কে গ্রেপ্তার করা হয়।
উত্তর তাজপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২
১৭ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) মো. সোহেল রানা। এ সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উত্তর তাজপুর গ্রামের চঞ্চল শেখ (৩৪) ও আফসার শেখ (২৭)-কে গ্রেপ্তার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদক নির্মূল ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃত পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
(ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













