হরমুজে মার্কিন জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

চলতি সপ্তাহের শুরুর দিকে হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বেশ কয়েকজন আহত হন। বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
ঘটনাটি সম্পর্কে অবগত দুটি সূত্র ফক্স নিউজকে জানিয়েছে, এই হামলায় ইরানের চারটি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। এর মধ্যে একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র কৌশলগত এই জলপথের কাছাকাছি এলাকায় সরাসরি জাহাজটিকে আঘাত করে।
হামলার ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে নাবিকদের মধ্যে শারীরিক আঘাতের ঘটনা ঘটে। আহতদের বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনার সময় জাহাজটিতে বেশ কয়েকজন মার্কিন কর্মীও উপস্থিত ছিলেন।
ইরানকে কেন্দ্র করে চলমান ছয় মাসব্যাপী সংঘাতের প্রেক্ষাপটেই এই সামুদ্রিক হামলার ঘটনাটি ঘটল। বিশ্বজুড়ে তেল পরিবহনের এক-পঞ্চমাংশেরও বেশি যে গুরুত্বপূর্ণ পথ দিয়ে সম্পন্ন হয়, সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বই এই সংঘাতের অন্যতম প্রধান ও উত্তপ্ত কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে—যেখানে বারবার মাইন পাতা ও পাল্টা হামলার ঘটনা ঘটছে।
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সংস্থা ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ বিষয়ে মন্তব্যের জন্য আনাদোলুর অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। অন্যদিকে ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এ সংক্রান্ত প্রশ্নের জন্য সেন্টকমের সাথে যোগাযোগ করতে বলেছে। ঘটনাটি নিয়ে ওয়াশিংটন বা তেহরান কোনো পক্ষই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













