দাম্পত্যের টানাপোড়েনের গল্পে পরীমনি-বর্ষণের ‘সেপারেশন’

নতুন ওয়েব ফিল্মে প্রথমবার জুটি বেঁধেছেন পরীমনি ও ইমতিয়াজ বর্ষণ। গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘সেপারেশন’ নামের এই ওয়েব ফিল্ম। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে দুই অভিনয়শিল্পীকে।
দাম্পত্য জীবনের নানা টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং কাছের মানুষগুলোর মধ্যে তৈরি হওয়া দূরত্বকে কেন্দ্র করে এগোবে ‘সেপারেশন’-এর গল্প। সম্পর্কের ভেতরের বিচ্ছিন্নতা ও মানসিক দূরত্বই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠবে বলে জানা গেছে।
ইতিমধ্যে ঢাকার ৩০০ ফুট এলাকার একটি শুটিংবাড়িতে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হয়েছে। পরে চ্যানেল আই ভবনেও শুটিং হয়েছে। প্রায় ৬০ মিনিটের এই নির্মাণ মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
‘সেপারেশন’-এর মধ্য দিয়ে প্রথমবার গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পরিচালকের সঙ্গে কাজ করার আগ্রহ অনেক দিন ধরেই ছিল বলে জানিয়েছেন তিনি।
বর্ষণের অভিনয়ে সন্তুষ্ট গিয়াসউদ্দিন সেলিমও। তাঁর মতে, অভিনয়ের পাশাপাশি দলের সঙ্গে কাজ করার ক্ষেত্রেও বর্ষণের ইতিবাচক ভূমিকা রয়েছে।
অন্যদিকে গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় কাজ করেছেন পরীমনি। প্রায় চার বছর পর আবারও এই নির্মাতার পরিচালনায় অভিনয় করছেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













