দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীরা পাবেন চিকিৎসা অনুদান, জানুন আবেদনের শর্ত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৭
অ- অ+

দুর্ঘটনায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সেপ্টেম্বর-অক্টোবর ২০২৬ প্রান্তের জন্য যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

আগামী ৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করা যাবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে ১৬ সেপ্টেম্বর জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুযায়ী এ অনুদান দেওয়া হবে। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়কাল বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এর আগের এক বছরের মধ্যে হতে হবে। একজন শিক্ষার্থী এ অনুদানের জন্য একবারই আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে পূর্ববর্তী শ্রেণিতে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এসএসসি ও এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ-৫-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.৫০ এবং স্নাতক ও সমমান পর্যায়ে জিপিএ-৪-এর ক্ষেত্রে ন্যূনতম ৩.০০ প্রাপ্তির প্রমাণপত্র আপলোড করতে হবে।

পরিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার কম হতে হবে। দারিদ্র্যের প্রমাণ হিসেবে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে বাবা, মা বা অভিভাবকের বেতন গ্রেডসংক্রান্ত অফিস প্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে।

অন্যান্য ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দেওয়া ‘পিতা, মাতা বা অভিভাবক দরিদ্র’ মর্মে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

যেসব কাগজ লাগবে

গুরুতর আহত হওয়ার প্রমাণ হিসেবে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক অথবা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত মর্মে প্রত্যয়নযুক্ত চিকিৎসা সনদের কপি আপলোড করতে হবে।

এ ছাড়া ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের প্রত্যয়ন, জন্মনিবন্ধন সনদ, বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর এবং ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্রের স্পষ্ট কপি জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। পুরো আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এ জন্য কোনো হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই।

ব্যাংক হিসাবের ক্ষেত্রে শর্ত

অনুদানের অর্থ পাওয়ার জন্য শিক্ষার্থী, বাবা বা মায়ের নিজস্ব সচল অনলাইন ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ নম্বর ও ব্যবহৃত মোবাইল নম্বর দিতে হবে। একই সঙ্গে চেকের ভেতরের পাতার কপি অথবা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করা বাধ্যতামূলক।

শিক্ষার্থী কিংবা তাঁর বাবা-মায়ের ব্যাংক হিসাব ছাড়া অন্য কারও হিসাব নম্বর গ্রহণ করা হবে না। তবে বাবা-মায়ের মৃত্যু বা অন্য কোনো কারণে শিক্ষার্থী সম্পূর্ণভাবে যে অভিভাবকের ওপর নির্ভরশীল, সেই অভিভাবকের ব্যাংক হিসাব বিবেচনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচল ও সঠিক ব্যাংক হিসাবের তথ্য না দিলে অর্থ পাঠানোর ক্ষেত্রে সমস্যা হলে পুনরায় অর্থ পাঠানো সম্ভব হবে না।

যেভাবে আবেদন

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ‘ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম’-এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নাম খুঁজে পাওয়া না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানকে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইআইআইএন ও অন্যান্য তথ্য উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর আবেদন করতে হবে। আবেদন ডাকযোগে অথবা ই-মেইলে পাঠানো যাবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. ফরিদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যোগ্য শিক্ষার্থীদের বিষয়টি জানাতে উপজেলা মাধ্যমিক বা থানা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনিবার জাতীয় গ্রিডে আসছে তিতাসের ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা