পেছাচ্ছে ইউপি নির্বাচন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬
অ- অ+

নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্ভাব্য ব্যস্ততার কারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পেছানোর কথা বলেছে প্রশাসন। নির্বাচন পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ তাদের।

গত সোমবার ইসি দেশের স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। তাতে আগামী নভেম্বর থেকে পরের বছরের মে-জুন পর্যন্ত ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠানের রূপরেখা দেওয়া হয়।

কিন্তু এই ঘোষণার আগে ইসি সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ দায়িত্বশীলরা।

নির্বাচন আয়োজনের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শের প্রস্তাব দেওয়া হয়েছে ইসিকে। পাশাপাশি কম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথাও বলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।

ইউপি নির্বাচন নিয়ে ইসির ঘোষিত পরিকল্পনার বিরোধিতা করে সচিবরা ওই সময়ে নির্বাচন আয়োজনে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা চলবে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকবেন। এছাড়া সরকারের অগ্রাধিকার কিছু কার্যক্রম চলছে, যা নির্বাচনের সময়ে বাস্তবায়ন করতে গেলে বিতর্কের সৃষ্টি হতে পারে।

এসব দিক বিবেচনায় নিয়ে ইসিতে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরুর পরামর্শ দিয়েছেন বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্তারা।

নির্বাচন আয়োজনের সময়সীমার কমিয়ে আনার পরামর্শ দিয়ে তারা বলেন, দীর্ঘ সময় নিয়ে নির্বাচন আয়োজন দেশের উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত করবে।

ইউপি নির্বাচন নিয়ে গতকাল (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের বৈঠক হয়। সেখানেই এসব যুক্তি ও পরামর্শ তুলে ধরা হয় প্রশাসনের তরফে।

বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনে স্পেস খুব কম পাওয়া যাচ্ছে। তবে সবাই সম্মত যে নির্বাচনটা এইচএসসি পরীক্ষার আগে, অর্থাৎ ৬ জুনের মধ্যে শেষ করতে হবে।

এদিকে আসছে বছরের ফেব্রুয়ারিতে রমজান মাস শুরু হবে। এসব বিষয় বিবেচনায় আছে। তাই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

ইসির গত সোমবারের ঘোষণা অনুযায়ী, নির্বাচনের সম্ভাব্য তারিখ হলো : প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে।

ইসির ওই তারিখ ঘোষণার পরই সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা তাদের প্রতিক্রিয়া জানান। তারা বলেন, সরকারের সঙ্গে আলোচনা না করে ইসি তারিখ নির্ধারণ করেছে।

গতকালের বৈঠকের পর সেংশ্লিষ্টদের অনেকে জানান, আন্তঃমন্ত্রণালয় সভার পর নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে। তবে তারা জানুয়ারিতে ভোট শুরুর পরামর্শ দিয়েছেন।

এদিকে ইসি সূত্র জানায়, শিগগিরই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে গতকালের বৈঠকে চারজন নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির, জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেন, এখন সরকারের সামনে বেশ কিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কার্ড দেওয়ার উদ্যোগও রয়েছে। নির্বাচনের সময় সরকার কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষকে কার্ড বা সুবিধা দিচ্ছে- এমন ধারণা তৈরি হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন।

আগামী বছরের ৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এর আগেই প্রয়োজনীয় প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার বিষয়টি বিবেচনায় নিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির নভেম্বর ও ডিসেম্বরে ভোট না করার পক্ষে যুক্তি তুলে ধরে জানুয়ারিতে নির্বাচনের পরামর্শ দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হবে ভোটকেন্দ্র। শিক্ষকরা ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে থাকবেন। ডিসেম্বরে জুনিয়র বৃত্তি পরীক্ষা হয়। এর আগে বার্ষিক পরীক্ষা। নির্বাচনের তারিখ নির্ধারণে এসব বিষয় বিবেচনার জন্য অনুরোধ করেন তিনি।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব