চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে চার কোটি পরিবারের নারী সদস্যদের জন্য ধাপে ধাপে ফ্যামিলি কার্ড চালু করা হচ্ছে।
আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় ৭ হাজার পরিবারের নারী সদস্য ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে চার কোটি পরিবারের নারী সদস্যদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে বিএনপি দেশের স্বার্থে সব বাধা মোকাবিলা করে কাজ করে যাবে।
নারী শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা গ্রহণ বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার উদ্যোগ নেবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থাও করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
বরিশাল সফরে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































