শাহজালালে আনসারের তৎপরতায় ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার, ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আনসার সদস্যদের তল্লাশিতে ওই রিয়াল উদ্ধার করা হয়, যার বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।
রবিবার বিকাল ৩টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম মোহাম্মদ হালিম। তিনি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, দুবাইগামী যাত্রী মোহাম্মদ হালিম হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হয় কর্তব্যরত আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় বিষয়টি এড়িয়ে যেতে ওই আনসার সদস্যকে টাকা দেওয়ার প্রস্তাব দেন হালিম। তবে পিসি মো. নিজাম উদ্দিন ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান।
খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে যান। পরে পিসি মো. আলমগীর হোসেন ও আনসার সদস্য চঞ্চল সাদেক রানাকে সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে ওই যাত্রীর মালামাল তল্লাশি করা হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
পরে শিফট ইনচার্জ আটক যাত্রী ও উদ্ধার করা রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













