সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রবিবার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, যেসব খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো—সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে সংশ্লিষ্ট খাতগুলোর ক্ষেত্রে পণ্য উৎপাদনকারী এবং সেবা খাতের সরবরাহকারীদের এনবিআরের eVAT পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, কোনো নিবন্ধিত ব্যক্তি তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলেও তার ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে।
এ ছাড়া অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক করা নিয়ে এনবিআর আগে যেসব আদেশ জারি করেছিল, নতুন আদেশ কার্যকর হওয়ার পর সেগুলো বাতিল বলে গণ্য হবে।
তবে প্রয়োজনে আদেশে উল্লেখ করা খাতের তালিকায় যেকোনো সময় সংযোজন বা বিয়োজনের ক্ষমতা এনবিআর সংরক্ষণ করেছে। আদেশটি জারির দিন থেকেই কার্যকর হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













