বগুড়ায়
ময়লার ভাগাড়ে মিলল টাকার বস্তা!

বগুড়ায় ময়লার ভাগাড়ে পড়ে ছিলো শ্যুটিংয়ে ব্যবহারের টাকা। স্থানীয়রা সেই টাকা আসল ভেবে কুড়িয়ে নিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক হাজার টাকার একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করেছে।
রবিবার সকালে বগুড়ার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ময়লার ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। বস্তার ভেতরে টাকা দেখতে পেয়ে অনেকেই সেগুলো আসল টাকা মনে করে নিয়ে বাড়িতে চলে যান। পরে জানা যায়, বস্তায় থাকা টাকাগুলো শ্যুটিংয়ের জন্য তৈরি করা টাকা। এর মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট ছিল। টাকার পেছনে ছোট করে ইংরেজি অক্ষরে লেখা ছিল 'অনলি ফর শুটিং' ।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, ওটা জাল টাকা না। জাল টাকার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি, সেখানে কোনো লোকজনও নেই, টাকাও নেই। শুধু কিছু ছেঁড়া টাকার উচ্ছিষ্টাংশ ভাগাড়ের মধ্যে পড়ে আছে। জায়গাটা এমন, যেখানে গরু জবাই করে ময়লা-আবর্জনা ফেলা হয়।
এক বস্তা টাকা পাওয়া গেছে—এমন কোনো কিছু আমরা সেখানে পাইনি। টাকার পেছনে দু-একটি লেখা দেখেছি। গোয়েন্দা সংস্থার লোকজনও দেখে সেখানে লেখা ছিল, “অনলি ফর শ্যুটিং”। অর্থাৎ এগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি করা টাকা। এগুলো কাগজ ও রঙিন কাগজ দিয়ে তৈরি, আসল টাকা বা জাল টাকা, কোনোটিই নয়।
(ঢাকা টাইমস/২০সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












