সেপ্টেম্বরে চাঙা রেমিট্যান্স, ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকা

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকার বেশি।
গত বছরের একই সময়ে আসা রেমিট্যান্সের তুলনায় এবার সামান্য বেড়েছে প্রবাসী আয়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর এই তিন দিনে দেশে এসেছে ১৩ কোটি ডলার।
গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৮০ লাখ ডলার।
সব মিলিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ৩০ লাখ ডলার বা ১৩ দশমিক ৮ শতাংশ।
তবে চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশের নয়টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।
বিদেশি খাতের পাঁচটি ব্যাংকের মাধ্যমেও এ সময়ে কোনো রেমিট্যান্স আসেনি। ব্যাংকগুলো হলো আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












