বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে আজও জলাবদ্ধতা, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ পুলিশের

রাজধানীতে টানা বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরবাসীকে গন্তব্যে যাওয়ার জন্য হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
আজ সোমবার (১৩ জুলাই) সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ পরামর্শ জানানো হয়।
বার্তায় বলা হয়, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন নিচু সড়কে পানি জমেছে। এতে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।
ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, বনানী কবরস্থানের কাছে ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং ও আউটগোয়িং—উভয় পাশে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ওই এলাকায় যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।
এছাড়া বনানী-কাকলী অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র্যাম্প এলাকায় হালকা পানি জমেছে। ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারগামী যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
অন্যদিকে, যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইনিং কাজ চলায় যান চলাচলে ধীরগতি তৈরি হয়েছে।
পুলিশের বার্তায় আরও বলা হয়েছে, সকাল থেকেই বৃষ্টিপাত অব্যাহত থাকায় এসব সড়কে জলাবদ্ধতার কারণে যান চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে। এ অবস্থায় প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচলের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































