অস্ত্রের পাহারায় ঢাকায় আসত মাদকের চালান, ডিবির অভিযানে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৬, ২০:২৮| আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২০:৩০
অ- অ+

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ৭৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এই ঘটনায় জড়িত থাকায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. জয়নাল, মো. সামিউল হক, নুর ইসলাম সুরুজ, হাফিজুর রহমান ওরফে লালমিয়া, সোহান চৌধুরী, রবিউল ইসলাম মুন্না ও মো. কাশেম।

সোমবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানান।

মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীর দারুস সালাম থানার গাবতলী ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় মিরপুর গোয়েন্দা পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে জয়নাল আবেদিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে বেলজিয়ামের তৈরি তিনটি বিদেশি বন্দুক, ১৫ রাউন্ড গুলি ও ১০০ বোতল ইস্ক্যাপ সিরাপ উদ্ধার করা হয়।

একই অভিযানে আরেকটি প্রাইভেট কারের যাত্রীরা পালিয়ে গেলেও গাড়ি থেকে ৪৫০ বোতল ইস্ক্যাপ সিরাপ জব্দ করা হয়।

তদন্তে জানা যায়, দেশের চাপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে একাধিক গাড়িতে করে মাদকের চালান ঢাকায় আনা হতো। আর এই মাদকের চালানের সঙ্গে অস্ত্রধারীরা মাদকবাহী গাড়িকে নিরাপত্তা দিয়ে রাজধানীতে প্রবেশ করাতো।

এদিকে ডিবির ওয়ারী বিভাগ রাজধানীর উত্তরা এলাকায় পৃথক অভিযানে একটি গাড়ি থেকে ৩০০ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার করে। পরে ওই তথ্যের ভিত্তিতে একটি পিকআপ আটক করে আরও ৯০০ বোতল স্ক্যাপ সিরাপ জব্দ করা হয়।

অন্যদিকে উত্তরা বিভাগের আরেকটি অভিযানে একটি গাড়ি ধাওয়া করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালিত হয়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, উদ্ধার হওয়া বিদেশি অস্ত্রগুলোর লাইসেন্স আছে কি না এবং কীভাবে দেশে এসেছে, তা সিরিয়াল নম্বর যাচাই করে তদন্ত করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সীমান্ত থেকে মাদক এনে রাজধানীতে সরবরাহ এবং মাদকবাহী গাড়িকে অস্ত্রের পাহারায় নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করতেন। অতীতেও তারা একাধিক চালান পৌঁছে দিয়েছে।

ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, একই স্টাইলে মাদক পরিবহন করা হলেও চক্র ও রুট সবই পৃথক। আলাদাভাবে সক্রিয় তিনটি মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তদন্তের মাধ্যমে চক্রগুলোর অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
কোনো গোষ্ঠী বা দল নয়, জনগণের কল্যাণে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার কার্যক্রম শুরু
বন্যা দুর্গতদের সহায়তা করবে বিসিবি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা