জননিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা আরও কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) সার্বিক কার্যক্রম, উন্নয়ন, আধুনিকায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আনসার-ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতিকে বাহিনীর চলমান কার্যক্রম, উন্নয়ন ও আধুনিকায়ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ সময় বাহিনীর বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ও তুলে ধরা হয়।
রাষ্ট্রপতি সাম্প্রতিক সময়ে জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার-ভিডিপির সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পাশাপাশি জনগণের সঙ্গে বাহিনীর সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, আনসার-ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। জাতীয় ও জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় এ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দেশের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ভূমিকা আরও বিস্তৃত ও কার্যকর করতে আধুনিকায়ন এবং সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতা অব্যাহত রাখা প্রয়োজন।
সাক্ষাৎকালে আনসার বাহিনীর সংস্কার এবং আনসার ব্যাটালিয়ন ও ভিডিপি প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
বাহিনীর সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতি সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে আনসার-ভিডিপির অর্জন এবং বিভিন্ন জনমুখী কার্যক্রমের প্রশংসা করেন। এসব উদ্যোগ আরও সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
বাহিনীর সার্বিক উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি ও সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে দেশের শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা ও জনকল্যাণে আরও নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে আনসার-ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর পরামর্শ সামনে রেখে বাহিনীর কার্যক্রম আরও জনমুখী, আধুনিক, দক্ষ ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় রাষ্ট্রপতির সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































