বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের দুর্দান্ত জোড়া গোলে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে, যেখানে নায়ক হয়ে ওঠেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ইংল্যান্ড। একের পর এক আক্রমণে নরওয়ের রক্ষণভাগকে চাপে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না তারা। উল্টো ৩৬ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। আন্দ্রেয়াস শেলদেরুপ দূরপাল্লার দুর্দান্ত এক শটে ইংল্যান্ডের জালে বল জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে জুড বেলিংহাম চমৎকার এক গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৭ মিনিটে আবারও বল জালে পাঠায় নরওয়ে। তবে আক্রমণ তৈরির সময় আর্লিং হলান্ডের ফাউল ধরা পড়ায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় গোলটি বাতিল করেন ম্যাচ কর্মকর্তা।
এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ৭৫ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগে প্রায় এগিয়ে যাচ্ছিল নরওয়ে। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড বল ক্লিয়ার করতে এগিয়ে এলেও তা আবার নরওয়ের খেলোয়াড়দের কাছেই ফিরে যায়। পরবর্তী হেড ক্রসবারে লেগে ফিরে আসায় বড় বিপদ থেকে রক্ষা পায় ইংল্যান্ড।
নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৩ মিনিটে আবারও জ্বলে ওঠেন বেলিংহাম। মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিলান্ডের হাত ফসকে গেলে ফিরতি বলে গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
গোলের পরপরই পেনাল্টি পায় ইংল্যান্ড। তবে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে পেনাল্টি বাতিল করেন রেফারি। ম্যাচের ১১১ মিনিটে বেলিংহাম মাঠ ছাড়লেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। ফলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড এবং নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট।
(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































