যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আপাতত কিছুটা প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। হামলা-পাল্টা হামলা থেকে সাময়িক বিরত থেকে দুই দেশ কূটনৈতিক সমাধানের পথে এগোচ্ছে—এমন আশায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
আঞ্চলিক মধ্যস্থতাকারীদের তৎপরতা এবং উচ্চপর্যায়ের যোগাযোগের পর ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় অপরিশোধিত তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫২ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৭৫ দশমিক ৭৮ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা প্রায় ১ দশমিক ২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
তবে সপ্তাহের সামগ্রিক হিসাবে তেলের দাম এখনো বাড়তি রয়েছে। এ সময়ে ব্রেন্টের দাম বেড়েছে প্রায় ৫ দশমিক ১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ৮ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে না বাড়া এবং আগামী সপ্তাহে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক হওয়ার আশা তেলের দাম কমাতে ভূমিকা রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের মধ্যস্থতাকারীরা ইরানে গিয়ে উত্তেজনা প্রশমনের বিষয়ে আলোচনা করছেন। এ খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কিছুটা কমে যায়।
তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল আগের তুলনায় ধীর রয়েছে। যদিও কিছু তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ এরই মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি বাজারের পূর্বাভাসে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর এখনো নজর রাখছেন বাজার সংশ্লিষ্টরা।
(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































