‘এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

নতুন নাম ও সম্প্রসারিত শিক্ষা কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল। আগে প্রতিষ্ঠানটি অনলাইন ফাউন্ডেশন স্কুল নামে পরিচালিত হতো।
আজ শনিবার ঢাকা সেনানিবাসের ‘প্রয়াস’ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী খান মো. আকতারুজ্জামান। তিনি দেশের ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল এবং অনলাইন ফাউন্ডেশন স্কুলেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপাল অঞ্চলের কান্ট্রি ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ এবং অনলাইন গ্রুপের চেয়ারম্যান ও অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে অনলাইন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুলের লালমাটিয়া শাখার অধ্যক্ষ ডালিয়া নওরিন, বিভিন্ন শাখার শিক্ষা প্রশাসক, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী সভ্যতার অন্যতম চিকিৎসাবিদ, বিজ্ঞানী ও গবেষক ইবনে জুহর-এর নামানুসারে প্রতিষ্ঠানটির নতুন নামকরণ করা হয়েছে। তাঁদের ভাষ্য, এভেনজোরের লক্ষ্য শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা, উদ্ভাবনী চিন্তা এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে বিশ্বমানের নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মো. আকতারুজ্জামান বলেন, আধুনিক শিক্ষা, গবেষণা, প্রযুক্তি এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যা ভবিষ্যৎ প্রজন্মকে বৈশ্বিক নেতৃত্বের জন্য প্রস্তুত করবে। তিনি বলেন, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হলেও এর লক্ষ্য, মূল্যবোধ ও শিক্ষার মান অপরিবর্তিত থাকবে।
তিনি আরও জানান, চলতি বছরের ডিসেম্বর থেকে এভেনজোর ইন্টারন্যাশনাল স্কুল আরও বৃহত্তর পরিসরে তাদের মূল কার্যক্রম শুরু করবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































