ধেয়ে আসছে ভয়ংকর টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ১৮ লাখ মানুষ

শক্তিশালী টাইফুন ‘বাভি’র তাণ্ডবে জাপানের দক্ষিণাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এরপর এটি তাইওয়ানের দিকে অগ্রসর হয়ে চীনের পূর্বাঞ্চলের দিকে ধেয়ে আসায় ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝো ও আশপাশের এলাকা থেকে ১৮ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনটি শনিবার জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের অংশ ইশিগাকি দ্বীপে ব্যাপক প্রভাব ফেলেছে। প্রবল বাতাসে বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ উড়ে যেতে দেখা গেছে। ঝড় ও ভারী বৃষ্টির কারণে জনজীবন প্রায় অচল হয়ে পড়ে।
কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
টাইফুনের প্রভাবে পর্যটনকেন্দ্র ইশিগাকিতে শনিবার সব ধরনের ফ্লাইট ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া ৩৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ওকিনাওয়া অঞ্চলে ২৪ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
অন্যদিকে, তাইওয়ানেও টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কায় পার্বত্য এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও টাইফুনটি সরাসরি তাইওয়ানে আঘাত হানার সম্ভাবনা নেই, তবু কিছু এলাকায় প্রায় এক মিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।
পরিস্থিতি মোকাবিলায় শনিবার তাইওয়ানের অধিকাংশ শহর ও কাউন্টিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনেক সরকারি সেবা। পাশাপাশি ৯২০টি আন্তর্জাতিক ও ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। উত্তর-দক্ষিণ হাই-স্পিড রেল চলাচল সীমিত আকারে অব্যাহত রয়েছে।
এদিকে, রবিবার ভোরে টাইফুন ‘বাভি’ চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝোতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রায় এক কোটি জনসংখ্যার এই শহরে সম্ভাব্য বন্যা ও ভূমিধস মোকাবিলায় জরুরি প্রস্তুতি নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































