আমেরিকায় সুখের সংসার, ২৫ বছরের দাম্পত্য উদযাপনে টনি ডায়েস

নব্বই দশকের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা টনি ডায়েস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। অভিনয়জগৎ থেকে দূরে থাকলেও শিল্প-সংস্কৃতির সঙ্গে তার সম্পর্ক আজও অটুট। স্ত্রী প্রিয়া ডায়েস ও একমাত্র মেয়ে অহনাকে নিয়ে নিউইয়র্কে সুখী ও ব্যস্ত জীবন কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উদযাপন করেছেন টনি ও প্রিয়া ডায়েস। এ উপলক্ষে নিউইয়র্কে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৌকীর আহমেদ, বিপাশা হায়াতসহ শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ।
যুক্তরাষ্ট্রের জীবন, পরিবার ও ক্যারিয়ার নিয়ে এক সাক্ষাৎকারে টনি ডায়েস বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে তিনি খুব ভালো আছেন। তিনি বলেন, “আমরা সুখে আছি, অনেক ভালো আছি। দেশে থাকতেও ভালো ছিলাম, এখানেও সবার ভালোবাসায় ভালো আছি। এ জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।”
দাম্পত্য জীবনের ২৫ বছরের সাফল্যের রহস্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই তাদের সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি। একসঙ্গে সময় কাটানো, ভ্রমণ করা এবং জীবনের প্রতিটি মুহূর্ত ভাগাভাগি করাকেই তিনি দীর্ঘ দাম্পত্যের মূল শক্তি হিসেবে দেখেন।
টনি ডায়েস জানান, তারা সবসময় সাদামাটা জীবনযাপনকে গুরুত্ব দিয়েছেন। অতিরিক্ত কিছু পাওয়ার আকাঙ্ক্ষার চেয়ে পরিবার, ভালোবাসা ও মানুষের আন্তরিকতাকেই বেশি মূল্য দিয়েছেন।
তিনি বলেন, “জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। আমরা হাসতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি। মাঝেমধ্যেই পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরতে চলে যাই। এসব স্মৃতিই আমাদের জীবনের বড় সম্পদ।”
বিয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাদের বিয়ে হয়েছিল। তবে এবার কিছুটা পরে উদযাপনের আয়োজন করা হয়। নিউইয়র্কের ওই অনুষ্ঠানে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে স্মরণীয় সময় কাটিয়েছেন তারা।
অভিনয়ের পাশাপাশি আবৃত্তি নিয়েও কাজ করছেন টনি ডায়েস। অন্যদিকে প্রিয়া ডায়েসও নৃত্যচর্চা অব্যাহত রেখেছেন। যুক্তরাষ্ট্রে তারা একসঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন এবং মঞ্চে পরিবেশনা করেন।
প্রবাসে বাঙালিদের কাছ থেকেও প্রচুর ভালোবাসা পান বলে জানান এই অভিনেতা। তার ভাষায়, “আমেরিকার যেখানেই যাই, মানুষের ভালোবাসা পাই। অনেকে ছবি তোলেন, কথা বলেন, খোঁজখবর নেন। এই ভালোবাসাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে টনি ডায়েস বলেন, “দেখতে দেখতে প্রিয়ার সঙ্গে ২৫ বছর কেটে গেছে। জীবনের বাকি দিনগুলোও এভাবেই ভালোবাসা, সম্মান ও আনন্দের মধ্য দিয়ে কাটাতে চাই।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে জীবন অনেক ব্যস্ত হলেও পরিবার, সংস্কৃতি ও মানুষের ভালোবাসা তাকে সবসময় আনন্দ দেয়। জীবনের এই অধ্যায় নিয়ে তিনি সন্তুষ্ট এবং কৃতজ্ঞ।
(ঢাকাটাইমস/১১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































