জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল সন্দেহে একজন আটক

রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালালবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের তেজগাঁও থানাধীন হাসপাতালে এ অভিযান চালানো হয়।
আনসার সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি একজন সেবাগ্রহীতাকে দ্রুত প্যাথলজি পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে হাসপাতালের বাইরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি আনসার সদস্যদের নজরে এলে তারা অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করেন।
আটক ব্যক্তির নাম মো. পারভেজ (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশনভিত্তিক দালালি করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে আনসার।
অভিযানে আনসার কমান্ডার পিসি মো. হাসান আলী, এপিসি আমিনুল ইসলাম এবং আনসার সদস্য জহিরুল ইসলাম অংশ নেন।
পরে আটক ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হলে তাদের নির্দেশনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি হাসপাতালগুলোতে রোগী ও সেবাগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত এবং দালালচক্রের তৎপরতা রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































