খিলক্ষেতে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ

রাজধানীর খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
সোমবার খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন এসব তথ্য জানান।
তিনি জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে মস্তুল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ঢাকা অভিমুখী একটি কালো রঙের টয়োটা টিআরএক্স মাইক্রোবাসকে থামানোর সংকেত দেওয়া হয়। তবে চালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সেটি আটক করে।
পরে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে মো. কামাল মিয়ার কাছ থেকে চার কেজি, স্বপ্নার কাছ থেকে চার কেজি এবং খায়রুল ইসলামের কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা ও জব্দ করা মাইক্রোবাস আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ আদালতে পাঠানো হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































