সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

দীর্ঘ প্রায় আট বছরের বিরতির পর আগামী সেপ্টেম্বর থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে পুনরায় নির্ধারিত ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ রুটে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
রবিবার বিষয়টি নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, খুব শিগগিরই ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রায় আট বছর পর এই রুটে ইউএস-বাংলার প্রত্যাবর্তন বাংলাদেশ-নেপাল আকাশপথে প্রতিযোগিতা বাড়াবে। বর্তমানে সীমিত সংখ্যক এয়ারলাইন্স ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনা করছে।
ইউএস-বাংলা যুক্ত হলে যাত্রীদের জন্য ভাড়ায় প্রতিযোগিতা, আরও বেশি ফ্লাইটের সময়সূচি এবং উন্নত সেবার সুযোগ তৈরি হতে পারে।
বিশেষ করে নেপালগামী পর্যটক, ব্যবসায়ী ও ধর্মীয় ভ্রমণকারীরা নতুন একটি বিকল্প পাবেন। বিমান পরিবহন খাতের বিশ্লেষকদের মতে, প্রতিযোগিতা বাড়লে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি সুবিধা পাবেন যাত্রীরাই।
উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ দুর্ঘটনায় পতিত হওয়ার পর সংস্থাটি এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বোম্বার্ডিয়ার ড্যাশ-৮ কিউ৪০০ উড়োজাহাজটি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনায় চারজন ক্রুসহ ৭১ আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন। এটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচলের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































