রাতভর ভারী বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, জলাবদ্ধতা ও যানজটে জনদুর্ভোগ

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে ঝোড়ো বাতাসে কয়েকটি এলাকায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালেই চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল, এয়ারপোর্ট সড়ক এবং পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। অনেক স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে সড়কেই আটকে যায়।রাতভর বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, জলাবদ্ধতা ও যানজটে জনদুর্ভোগ
সকালের দিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায় অফিসগামী যাত্রীদের। জলাবদ্ধতার কারণে অনেক পথচারীকেও গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়েছে।
যাত্রীরা অভিযোগ করেছেন, গণপরিবহনের সংকটকে কেন্দ্র করে কিছু রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাচালক অতিরিক্ত ভাড়া দাবি করছেন। এতে দুর্ভোগ আরও বেড়েছে সাধারণ মানুষের।
এদিকে ঝোড়ো বাতাসের কারণে রাজধানীর কয়েকটি এলাকায় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এতে কিছু সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলো গাছ অপসারণ এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করছে বলে জানা গেছে।
টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশাচালক এবং খেটে খাওয়া মানুষ। জলাবদ্ধতা ও যানজটের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১২ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































