ছোট-বড় সব রথযাত্রায় সমান গুরুত্ব, নিশ্চিত হবে সর্বোচ্চ নিরাপত্তা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৬, ১৫:৪১
অ- অ+

রাজধানীতে আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে ছোট-বড় সব শোভাযাত্রার জন্য সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

রবিবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রথযাত্রা একটি বড় ধর্মীয় শোভাযাত্রা। জনসমাগম বেশি হওয়ায় সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে উদ্‌যাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “রথযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ছোট-বড় সব রথযাত্রার জন্যই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।” তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

সভায় জানানো হয়, আগামী ১৬ জুলাই রথযাত্রা এবং ২৪ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে পিকেট পার্টি, টহল দল, সিসিটিভি পর্যবেক্ষণ, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল টিম, ডিবি, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে।

এ ছাড়া রথযাত্রা নির্ধারিত রুট ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। নামাজ ও আজানের সময় লাউডস্পিকার ব্যবহার থেকে বিরত থাকা, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, ব্যাগ বা পোটলা নিয়ে শোভাযাত্রায় অংশ না নেওয়া এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, রথযাত্রায় দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরতে হবে। নিরাপত্তার জন্য সাদা পোশাকের সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন থাকবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন। এতে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা ও সেবাদানকারী সংস্থার প্রতিনিধি এবং রথযাত্রা উদ্‌যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বিশ্বকাপ সেমিফাইনালে কার প্রতিপক্ষ কে, খেলা কখন
গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি
নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা