দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে। তবে অলঙ্কার তৈরির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
চলতি বছরে দেশের বাজারে এ পর্যন্ত ৯১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৪ বার দাম বাড়ানো হয়েছে, ৪৬ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































