ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
দুই দফা কমার পর আবার বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার দাম বৃদ্ধির কারণে গহনার দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম প্রকাশ করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা করা হয়েছে।
এর আগে ৯ জুলাই ২২ ক্যারেট সোনার ভরি প্রতি দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল। তারও আগে ৬ জুলাই কমানো হয় আরও ৩ হাজার ২৬৬ টাকা।
ফলে টানা দুই দফায় ভরি প্রতি মোট ৬ হাজার ৫৯০ টাকা কমার পর এবার আবার দাম বাড়ানোর ঘোষণা দিল বাজুস।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































