নিরাপদ আশ্রয়ে ২২১ পরিবার

পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১১:৩৪
অ- অ+

পার্বত্য চট্টগ্রামে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ বিতরণ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১০ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, দুর্যোগে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এসব এলাকায় সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছেন। পাশাপাশি ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত বান্দরবান থেকে ১৪০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এছাড়া সাজেকে আটকে পড়া প্রায় ৬০০ পর্যটকের মধ্যে প্রথম ধাপে ১৫০ জনকে স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকি পর্যটকদের পর্যায়ক্রমে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

আইএসপিআর জানায়, সার্বিক পরিস্থিতি সেনাবাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উদ্ধার, ত্রাণ সহায়তা, যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরও ২৪ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস
মুষলধারে বৃষ্টি ঢাকায়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামল মরক্কোর
মাশহাদে ইমাম রেজা (আ.)–এর মাজারে দাফন করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা