হাইকোর্টের রায়ের পর
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর

চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। হাইকোর্ট তাঁর শপথ গ্রহণে কোনো বাধা নেই বলে রায় দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি শপথ নেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁকে শপথবাক্য পাঠ করান।
সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ শেষে সারোয়ার আলমগীর সংসদ সচিবের কক্ষে গিয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। একই দিন হাইকোর্ট রায় দিয়ে তাঁর সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণে কোনো আইনি বাধা নেই বলে জানান।
তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থীর আইনজীবী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































