মুন্সীগঞ্জে
স্ত্রী হত্যার অভিযোগে ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে স্ত্রীকে হত্যার অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই জানায়, গত ৬ জুলাই টঙ্গিবাড়ী উপজেলায় মুহাসিন মাতুব্বরের স্ত্রী আছমা আক্তার নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদার টঙ্গিবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার পর পিবিআই মুন্সীগঞ্জ জেলার ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ এবং বৈজ্ঞানিক তদন্ত শুরু করে। পরে সংস্থাটি স্বপ্রণোদিত হয়ে মামলার তদন্তভার গ্রহণ করে।
তদন্তে পিবিআই জানতে পারে, টঙ্গিবাড়ী উপজেলার বলিয়াগাঁও ইউনিয়নের পূর্ব বলিয়াগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় আছমা আক্তার, তার স্বামী মুহাসিন মাতুব্বর ও তাদের চার বছর বয়সী কন্যা বসবাস করতেন। পারিবারিক বিভিন্ন বিষয়, বিশেষ করে আছমার পূর্ববর্তী বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
পিবিআইয়ের ভাষ্য, ঘটনার আগের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাক্বিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরদিন ৬ জুলাই সকালে নাস্তা প্রস্তুত না থাকা নিয়ে আবারও তাদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে মুহাসিন স্ত্রীকে মারধর করেন। পরে ধাক্কা দিলে আছমা কাঠের পাটাতনের ওপর পড়ে গুরুতর আহত হন।
তদন্তে আরও জানা যায়, এরপর আছমার গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়। তবে তা সম্ভব না হওয়ায় মরদেহ খাটে রেখে চার বছর বয়সী কন্যাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত।
পিবিআই জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৭ জুলাই গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে মুহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
সংস্থাটি আরও জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাকে আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অন্যান্য তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































