শিরোনাম :

সামাজিক মাধ্যমে সরকারের উচ্চপদস্থদের নিয়ে ‘কুরুচিপূর্ণ পোস্ট’, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২৬, ২২:০৪
অ- অ+

সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'অশালীন', 'মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট' ছড়ানোর অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতরা হলেন—জয়নাল আবেদীন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মো. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মো. ইসমাইল ওরফে রুবেল।

রবিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী।

ব্রিফিংয়ে জানানো হয়, গত বছরের শেষভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছিল। এতে ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এই ঘটনায় দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হলে তদন্তকারী কর্মকর্তাদের অনুরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব পরিচালক বলেন, 'গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।'

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যেকোনো সংবেদনশীল তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার আগে অবশ্যই যাচাই-বাছাই করা উচিত। তথ্য অপপ্রচারের মতো ঘৃণ্য অপরাধ থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করছি।'

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা উপস্থিত থেকে কারিগরি বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, 'সম্প্রতি রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিয়ে টেলিগ্রাম, ফেসবুক ও ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা 'এআই জেনারেটেড' কিছু আপত্তিকর ছবি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে চারটি মামলা হয়েছে। প্রতিটি ছবিই এআই ডিটেকশন সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে দেখা গেছে এগুলো কৃত্রিমভাবে তৈরি।'

তিনি আরও অভিযোগ করেন, তদন্তে দেখা গেছে দেশে ও বিদেশে অবস্থানরত একটি 'ফ্যাসিবাদী গ্রুপ' এবং তাদের সংঘবদ্ধ 'বট বাহিনী' রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিতভাবে এই প্রোপাগান্ডা চালাচ্ছে। ডিজিটাল ফরেনসিক প্রমাণের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের নেতৃত্বে ওসমান গনি
কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: নুরুল হক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
বিএনপির নেতা-কর্মীরা দীর্ঘ ১৮ বছর ধরে নির্যাতনের শিকার : শামসুজ্জামান দুদু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা