পরিবেশ রক্ষায় সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী পৃথিবীর সব সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬’ এবং ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য বা ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রকৃতির সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা মানবজাতির অস্তিত্বের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত।
বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত উল্লেখ করে বলেন, “তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।”
আয়াতটির তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য ও গৃহপালিত প্রাণীসহ পরিবেশ ও প্রতিবেশের সব উপাদান আল্লাহর সৃষ্টি এবং মানুষের কল্যাণের জন্য নির্ধারিত। তাই এসব সম্পদ ও জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করা মানুষের দায়িত্ব।
তিনি বলেন, প্রকৃতি থেকে শুধু সুবিধা গ্রহণ করলেই হবে না, এর সংরক্ষণ ও পরিচর্যাতেও মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহর সৃষ্টির উপকার ভোগ করতে হলে মানুষেরও কিছু নৈতিক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, যথাযথভাবে প্রকৃতির সব সৃষ্টির যত্ন নেওয়া এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা মানবসমাজের নৈতিক দায়িত্ব।
বিজ্ঞানের অগ্রগতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আধুনিক বিজ্ঞান ইতোমধ্যে প্রমাণ করেছে যে, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর ও অবিচ্ছেদ্য। পরিবেশের নিরাপদ লালন, সংরক্ষণ ও বিকাশের সঙ্গে মানুষের নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ সরাসরি সম্পর্কিত।
তিনি বলেন, “ইকো সিস্টেমের নিরাপদ বিকাশের সঙ্গেই মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা জড়িত। তাই পরিবেশ রক্ষা করা শুধু একটি দায়িত্ব নয়, এটি আমাদের অস্তিত্ব রক্ষারও অপরিহার্য শর্ত।”
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সরকার গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। একইসঙ্গে পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
(ঢাকাটাইমস/৯ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































