প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৬, ১৩:৫৫
অ- অ+

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামের স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর পোস্ট’ দেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এর মধ্যে দুজন রিমান্ডে আছেন বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি দাউদ হোসেন। তিনি বলেন, ওই মামলায় ঢাকা, কুমিল্লা ও চট্টগ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার রাতেই মামুন ও রবিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। শনিবার অন্য দুজনকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়।

আদালত মানিককে চার দিনের ও হেলালকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। পরে মামুন ও রবিনকেও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

গ্রেপ্তাররা হলেন মামুন লস্কার সরকার, ওমর ফারুক রবিন ওরফে রবিন তাজ, জয়নাল আবেদীন মানিক ও হেলাল উদ্দিন। তাদের মধ্যে মানিক ও হেলাল বর্তমানে রিমান্ডে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত ২ জুলাই প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা নূর মোহাম্মদ গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১০-১২ জনকে আসামি করা হয়।

মামলায় বলা হয়েছে, জয়নাল আবেদিন মানিকসহ চারজন তাদের ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল থেকে প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীর নামে ‘মিথ্যা, অশ্লীল ও মানহানিকার’ পোস্ট করে। পরে পোস্টগুলো আরো ছড়িয়ে দেওয়া হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছয় মাসে জিএমপিতে ১,৮৫৪ মামলা, গ্রেপ্তার ৩,২১৭
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়ার দ্বিপাক্ষিক বৈঠক
দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী তারেক রহমান
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে কমদামে আইফোন বিক্রির ফাঁদ, প্রতারক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা