ঢাকাসহ দেশের ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়াবিদ একেএম নাজমুল স্বাক্ষরিত আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারি বর্ষণের কারণে কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে টানা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কারণে নৌযান চলাচল, কৃষিকাজ এবং দৈনন্দিন কর্মকাণ্ডে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
(ঢাকাটাইমস/৯ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































