বিশ্বকাপের সেরা খেলোয়াড়দের তালিকা দেখুন

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে স্পেনের ফুটবলাররা। কেউ মাঠে শুয়ে পড়েন আনন্দে, কেউ আবার আবেগে ভেসে যান। অন্যদিকে, লিওনেল মেসি দাঁড়িয়ে ছিলেন নীরবে। কিছুক্ষণ পর চোখের জলও ধরে রাখতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে স্পেনের খেলোয়াড়রা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে সোনালি ট্রফি গ্রহণের আগে স্পেনের অধিনায়ক রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি) জিতে নেন আসরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার—গোল্ডেন বল। পুরো টুর্নামেন্টে অসাধারণ নেতৃত্ব ও মাঝমাঠে নিয়ন্ত্রণের জন্য তাকে বেছে নেওয়া হয় বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে।
রদ্রি বিশ্বকাপে ৮ ম্যাচে ৭২৬ মিনিট মাঠে ছিলেন। তিনি ৬৯২টি সফল পাস দিয়েছেন, যা এবারের আসরে সর্বোচ্চ। তার মোট পাসের ৯৪ শতাংশ ছিল নিখুঁত। পাশাপাশি ১৩টি সফল ট্যাকল করে দলের ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ফেরান তোরেস। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে তার করা একমাত্র গোলেই বিশ্বকাপের শিরোপা নিশ্চিত করে স্পেন।
এবারের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠেছে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের হাতে। পুরো টুর্নামেন্টে ১০ গোল করে তিনি এই পুরস্কার অর্জন করেন।
সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে মাত্র একটি গোল হজম করেছেন তিনি এবং সাতটি ক্লিনশিট রেখে দুর্দান্ত কীর্তি গড়েছেন। প্রায় ৫৫০ মিনিট গোল না খাওয়ার ধারাবাহিকতাও দেখিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক।
সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। ১৯ বছর বয়সী এই ফুটবলারের বিপক্ষে প্রতিপক্ষ মাত্র একটি গোল করতে পেরেছে। পুরো আসরে ৩৩ বার বল বিপদমুক্ত করে দলের রক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এ ছাড়া সবচেয়ে সুশৃঙ্খল ফুটবল উপহার দেওয়ার স্বীকৃতি হিসেবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে নেদারল্যান্ডস। যদিও দলটি শেষ ষোলোতে বিদায় নেয়।
২০২৬ ফিফা বিশ্বকাপে পুরস্কারজয়ীরা
- ফাইনালের সেরা খেলোয়াড়: ফেরান তোরেস
- গোল্ডেন বল (টুর্নামেন্টসেরা): রদ্রি
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): কিলিয়ান এমবাপ্পে (১০ গোল)
- গোল্ডেন গ্লাভ (সেরা গোলকিপার): উনাই সিমন (৭টি ক্লিনশিট)
- সেরা উদীয়মান খেলোয়াড়: পাউ কুবারসি
- ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: নেদারল্যান্ডস
বিশ্বকাপের মাঠের লড়াই শেষ হলেও ব্যক্তিগত অর্জনের এই তালিকায় নিজেদের নাম ইতিহাসের পাতায় তুলে রাখলেন এবারের আসরের সেরা পারফর্মাররা।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































