১৫ বছরের দাম্পত্যের ইতি, বিচ্ছেদের ঘোষণা দিলেন আদীনাথ-ঊর্মিলা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১৬:২৫
অ- অ+

দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যজীবনের ইতি টানলেন মারাঠি চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকর। পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে মেয়ে জিজাহর যৌথ অভিভাবকত্ব পালন করবেন বলেও জানিয়েছেন এই দম্পতি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন আদীনাথ ও ঊর্মিলা। একই সঙ্গে এ সময় তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, অনেক ভাবনাচিন্তার পর বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের দাম্পত্যের সমাপ্তি হলেও মেয়ে জিজাহই থাকবে তাদের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার।

তাদের ভাষ্য, “আমাদের দাম্পত্যের পথচলা শেষ হলেও মেয়ে জিজাহর প্রতি আমাদের দায়িত্ব অটুট থাকবে। আমরা যৌথভাবে তার লালন-পালন করব, যাতে সে ভালোবাসা, নিরাপত্তা ও সমর্থনের পরিবেশে বড় হতে পারে।”

এ ছাড়া একসঙ্গে কাটানো সময় ও সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তারা। এতদিন ভক্ত ও সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও একই ধরনের সহযোগিতা কামনা করেন।

বিবৃতির শেষে তারা বলেন, এই বিষয়ে এটিই তাদের একমাত্র বক্তব্য। ভবিষ্যতে এ নিয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানান।

গত কয়েক মাস ধরেই আদীনাথ ও ঊর্মিলার দাম্পত্যে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০২৫ সালের শেষ দিকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে তাদের আলাদা থাকার খবর প্রকাশিত হলেও তখন এ বিষয়ে মুখ খোলেননি কেউ।

এর আগে এক সাক্ষাৎকারে ঊর্মিলা বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত’ আলোচনা তিনি গুরুত্ব দেন না। অনলাইনে প্রচারিত সব তথ্য বিশ্বাস না করারও পরামর্শ দিয়েছিলেন তিনি।

২০০৬ সালে ‘শুভ মঙ্গল সাবধান’ সিনেমার শুটিংয়ের সময় আদীনাথ কোথারে ও ঊর্মিলা কানেটকরের পরিচয় হয়। ছবিটি পরিচালনা করেছিলেন আদীনাথের বাবা মহেশ কোথারে। ওই সিনেমার মাধ্যমেই অভিনয়ে অভিষেক হয় ঊর্মিলার। দীর্ঘ প্রেমের পর ২০১১ সালে বিয়ে করেন তারা। ২০১৮ সালে জন্ম হয় তাদের কন্যাসন্তান জিজাহর।

অভিনয়জীবনে ঊর্মিলা ‘দুনিয়াদারি’, ‘মালা আই ভ্হায়চি!’ ও ‘তি সধ্যা কায় কারতে’-সহ একাধিক জনপ্রিয় মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি হিন্দি ও তেলেগু সিনেমাতেও কাজ করেছেন। অন্যদিকে আদীনাথ কোথারে অভিনেতা, পরিচালক ও প্রযোজক—তিন ভূমিকাতেই মারাঠি চলচ্চিত্রে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন।

বর্তমানে পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমায় ‘ভরত’ চরিত্রে অভিনয় করছেন আদীনাথ। এ ছাড়া হানসাল মেহতার ‘গান্ধী টকস’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ 
উগান্ডায় স্কুলবাস দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের এক মাসের ঋণ মওকুফ
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার করলেন আনসার সদস্যরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা