বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন, বিশ্বচ্যাম্পিয়নদের বরণে রাজপথে নেমেছে লাখো মানুষ

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন ফুটবল দল। শিরোপাজয়ী লা রোহাদের বরণ করে নিতে রাজধানী মাদ্রিদের রাজপথে নেমেছে হাজারো মানুষ। উৎসবের আমেজে ভাসছে পুরো শহর।
২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নতুন ইতিহাস লিখেছে দলটি। এর আগে টানা তিনটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছিল স্পেনকে। তবে এবারের আসরে দুর্দান্ত পারফরম্যান্সে সেই হতাশা পেছনে ফেলে বিশ্বসেরার মুকুট জিতেছে লা রোহা।
শিরোপা জয়ের পরপরই দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন স্পেনের ফুটবলাররা। রাজধানী মাদ্রিদের জন্য সাজানো হয় ছাদ খোলা বিশেষ বাস। বিশ্বকাপের ট্রফি হাতে সেই বাসে চড়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছেন খেলোয়াড়রা।
চ্যাম্পিয়নদের এক নজর দেখতে এবং তাদের সাফল্যের আনন্দ ভাগাভাগি করতে রাস্তার দুই পাশে জড়ো হন হাজারো সমর্থক। নাচ-গান ও উল্লাসে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসসহ দলের তারকারা ভক্তদের সঙ্গে উদযাপনে অংশ নেন।
এদিকে মাদ্রিদের কেন্দ্রস্থলে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্টের। দেশটির জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে সমর্থকদের মাতিয়ে তুলছেন। সেই উৎসবের আবহেই চলছে স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন।
উদযাপন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ফুটবলারদের বহনকারী বাসের সামনে-পেছনে রয়েছে নিরাপত্তা বাহিনীর গাড়ি। পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমে পুরো এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নান্দনিক ফুটবল উপহার দেয় স্পেন। লিওনেল মেসিদের ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস, যাকে গোলের সুযোগ তৈরি করে দেন নিকো উইলিয়ামস।
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































