সাতক্ষীরায় জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল, তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে আসল বলে জানিয়েছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। আজ মঙ্গলবার (২১ জুলাই) প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায়।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে বলা হয়েছে, ভাইরাল হওয়া ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভিডিও ও অডিও বিশ্লেষণে কোনো অসামঞ্জস্য বা ডিজিটাল কারসাজির আলামতও শনাক্ত হয়নি। কনটেন্টের বিভিন্ন উপাদান পৃথকভাবে পরীক্ষা করে ভিডিওটি বাস্তব বলে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেল-সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’র পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। তবে পরবর্তীতে একই ঘটনার আরও কিছু ভিডিও ও সিসিটিভি ফুটেজ সামনে এলে সেই অবস্থান থেকে সরে আসে স্থানীয় নেতারা।
জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাওলানা আজিজুর রহমান মঙ্গলবার সকালে গণমাধ্যমকে বলেন, গাজী নজরুল ইসলাম তাদের জানিয়েছেন যে ভিডিওতে দেখা যাওয়া তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন, প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও সিসিটিভি ফুটেজে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন দৃশ্যে তাকে মোবাইল ফোনে কথা বলতে এবং ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। ফুটেজে থাকা টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়েছিল বলে জানা গেছে। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে গাজী নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এসেছে এবং কারা ছড়িয়েছে, সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
ভিডিওতে দেখা যাওয়া তরুণীর পরিচয় প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তার বয়স বর্তমানে ১৮ বছরের কিছু বেশি। তিনি ২০২৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানা গেছে। তরুণীর ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে রিউমর স্ক্যানারের অনুসন্ধান নতুন মাত্রা যোগ করেছে। একদিকে ভিডিওটি এআই নয় বলে নিশ্চিত করা হয়েছে, অন্যদিকে স্থানীয় জামায়াত নেতারা ভিডিওতে থাকা তরুণীকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। ফলে বিষয়টি নিয়ে জনমনে আলোচনা আরও তীব্র হয়েছে।
(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































