আড়াইমাসেরও কমসময়ে
সরিয়ে দেওয়া হলো পাবনার পুলিশ সুপারকে

আড়াই মাসেরও কম সময়ের ব্যবধানে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহকে বদলি করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
একই প্রজ্ঞাপনে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পদায়ন করা হয়েছে।
মো. ছুফি উল্লাহ চলতি বছরের ৭ মে পাবনার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই দিন সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। বিদায়ী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ তাকে স্বাগত জানান এবং জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের আড়াই মাসেরও কম সময়ের মধ্যে তাকে অন্যত্র বদলি করা হলো। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আবু আশ্রাফ শিগগিরই পাবনার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সম্প্রতি পাবনায় রাজনীতি নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা–সমালোচনা ছিল। তবে পুলিশ সুপারের বদলির সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
একই প্রজ্ঞাপনে আরও দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে র্যাবে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. কফিল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































