হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার দুপুরের পর থেকে প্ল্যাটফর্মটিতে প্রবেশ, লগইন এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন অনেক ব্যবহারকারী।
ব্যবহারকারীরা জানান, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট স্বাভাবিকভাবে লোড হচ্ছে না। আবার অনেকের নিউজফিড আপডেট হচ্ছে না। ফলে স্বাভাবিকভাবে ফেসবুক ব্যবহার ব্যাহত হচ্ছে।
বিভিন্ন অনলাইন সেবার কার্যকারিতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর–এর তথ্যেও ফেসবুকের এ সমস্যার প্রতিফলন দেখা গেছে। ওয়েবসাইটটির তথ্যমতে, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহার করতে না পারার অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।
তবে ঠিক কী কারণে এ বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিভিন্ন সময়েও মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে সাময়িক বিভ্রাটের ঘটনা ঘটেছে। এবারও সমস্যার কারণ ও সেবা পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































