ট্রাম্পের দাবি, ‘বিশ্বকাপের আসল বিজয়ী যুক্তরাষ্ট্র’

ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এবারের বিশ্বকাপের প্রকৃত বিজয়ী শুধু কোনো দল নয়, আয়োজক দেশ যুক্তরাষ্ট্রও। তার ভাষায়, এই টুর্নামেন্ট প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র এখন একটি ফুটবলপ্রেমী দেশ।
শুক্রবার নিউইয়র্কে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত দেখা গেল আমরা একটি ফুটবলপ্রেমী দেশ। আমার মনে হয়, আমরা সেই অবস্থান ধরে রাখব। এই টুর্নামেন্ট সত্যিই পুরো বিশ্বকে একত্র করেছে।’
রবিবার দিবাগত রাতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।
বিশ্বকাপ আয়োজনকে ঘিরে গত এক বছরে যুক্তরাষ্ট্রকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, ভিসা জটিলতা, টিকিটের উচ্চমূল্য এবং মানবাধিকারসংক্রান্ত সমালোচনা নিয়ে টুর্নামেন্ট শুরুর আগে ব্যাপক আলোচনা ছিল। কয়েকটি দেশের সমর্থক ও কর্মকর্তার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়েও বিতর্ক তৈরি হয়।
এ ছাড়া টুর্নামেন্ট চলাকালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে ইরান দলের কিছু সমর্থক ও কর্মকর্তাকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে দলটির প্রস্তুতিতে প্রভাব পড়ে।
তবে টুর্নামেন্ট শুরুর পর পরিস্থিতির চিত্র বদলে যায়। বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকেরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খেলা উপভোগের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, খাবার ও আতিথেয়তা নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগাভাগি করেন। ম্যাচ ঘিরে আগে যে ধরনের নিরাপত্তা ও অভিবাসন অভিযান নিয়ে আশঙ্কা ছিল, সেগুলোরও বাস্তব প্রতিফলন দেখা যায়নি।
এদিকে টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান ট্রাম্প। পরে ফিফা সেই লাল কার্ড প্রত্যাহার করে। বিষয়টি নিয়ে নতুন বিতর্কও তৈরি হয়।
বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েনও আলোচনায় ছিল। তবে সেই উত্তেজনার মধ্যেই ফাইনাল দেখতে ট্রাম্পের আমন্ত্রণে নিউ জার্সিতে যাওয়ার কথা রয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন









































