ব্যাংককে আন্তঃদেশীয় অপরাধবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ ও অনলাইন স্ক্যাম সেন্টারের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলাবিষয়ক আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
রবিবার বিকালে তিনি থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পুলিশ সদরদপ্তরের এক পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অনুযায়ী, আগামী ২০ ও ২১ জুলাই ব্যাংককে ‘স্ক্যাম সেন্টার কম্পাউন্ডস অ্যান্ড ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ শীর্ষক এ আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সম্মেলনে স্ক্যাম সেন্টার ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধী চক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় কার্যকর অপারেশনাল সমন্বয়, আঞ্চলিক কৌশল প্রণয়ন এবং যৌথ উদ্যোগ জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের আইজিপি রয়্যাল থাই পুলিশের প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইজিপির আগামী ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































