বিশ্বকাপ জিতলেই দাড়ি রাখবেন ইয়ামাল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ০০:৫১
অ- অ+

২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে ভক্তদের এক ব্যতিক্রমী ও মজার প্রতিশ্রুতি দিলেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। বার্সেলোনার এই ১৮ বছর বয়সী উইঙ্গার জানিয়েছেন, স্পেন যদি এবারের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে পারে, তবে টানা তিন সপ্তাহ তিনি দাড়ি-গোঁফ কাটবেন না। শুধু তা-ই নয়, এই শিরোপা জয়ের উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে ভক্তদের ১০০টি প্রিমিয়াম বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজের নানা পরিকল্পনা ও ভাবনার কথা বলতে গিয়ে এসব কথা জানান ইয়ামাল। স্পেনের জার্সিতে এটিই হতে যাচ্ছে এই তরুণ তুর্কির প্রথম বিশ্বকাপ অভিযান।

মেগা টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ও মানসিক চাপ সামলানোর বিষয়ে কথা বলতে গিয়ে ২০২৪ সালের ইউরো জয়ের স্মৃতি রোমন্থন করেন ইয়ামাল।

তিনি বলেন, “বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রথম ম্যাচে মাঠে নামার আগে কিছুটা স্নায়ুচাপ বা বাড়তি চাপ থাকাটা খুবই স্বাভাবিক। তবে ইউরো থেকে আমি একটা বড় শিক্ষা পেয়েছি-শুরুটা যদি মনের মতো নাও হয়, তবুও ধৈর্য হারাতে নেই। নিজের সহজাত খেলায় মনোযোগ ধরে রাখাটাই আসল, কারণ বড় টুর্নামেন্ট মানেই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার লড়াই।”

ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন এবং তাঁর সাবেক বার্সা সতীর্থ উসমান দেম্বেলের এই পুরস্কার জেতা নিয়েও খোলামেলা কথা বলেন ইয়ামাল। তিনি অকপটে স্বীকার করেন, “একটা সময় আমার মনে হয়েছিল পুরস্কারটি হয়তো আমিই পেতে যাচ্ছি। কিন্তু পরে বুঝতে পেরেছি, ওই মর্যাদাপূর্ণ ট্রফিটি পাওয়ার মতো পরিপক্বতা তখনো আমার আসেনি। এর ভেতরের গভীরতা অনুধাবন করার বয়সও আমার ছিল না। তাই দেম্বেলের হাতে ব্যালন ডি’অর ওঠাটা একদম সঠিক ছিল এবং আমি তাঁর জন্য দারুণ খুশি।”

ফরাসি তারকা দেম্বেলের সঙ্গে নিজের দারুণ সম্পর্কের কথা উল্লেখ করে ইয়ামাল আরও বলেন, “দেম্বেলে মাঠের ভেতরে ও বাইরে আমাকে সবসময় আগলে রেখেছেন। কঠিন সময়ে মানসিকভাবে চাঙ্গা রাখতে নিয়মিত নানা পরামর্শ দিয়েছেন। আমার আজকের এই অবস্থানে আসার পেছনে তাঁর অবদান অনেক।”

সূত্র: স্ট্রিভার ফুটবল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে সংঘবদ্ধ চোরচক্রের অপচেষ্টা ব্যর্থ
কুয়াকাটায় ধরা পড়ল ২০ কেজি ওজনের সামুদ্রিক শোল
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা