জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার মেয়ে নাদিমা মোহাম্মদী খান বরিশাল নগরের নিজ বাসায় হামলার শিকার হয়েছেন। শনিবার সন্ধ্যায় নগরের সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত নাদিমা শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে এ ঘটনায় নাদিমা মোহাম্মদী খান বাদী হয়ে তাঁর চাচা নজরুল ইসলাম খানসহ পাঁচজনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, এ মামলার এক আসামি তানজিয়া চাঁদনিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের পাশাপাশি নাদিমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই দাবি প্রত্যাখ্যান করায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সংঘবদ্ধ একটি দল তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে মারধর করে তাঁকে আহত করে।
নাদিমা মোহাম্মদী খান অভিযোগ করেন, শনিবার তিনি তাঁর চাচাতো বোনকে নিয়ে ঢাকা থেকে বরিশালের পৈতৃক বাড়িতে যান। সেখানে কয়েকজন যুবক বাড়ির ভেতরে আবর্জনা ফেলে রাখার পাশাপাশি মাদক সেবন ও বিক্রি করছিলেন। এর প্রতিবাদ করলে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে ২৫ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন।
নাদিমার দাবি, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ভবিষ্যতে যাতে তিনি আর বাড়িতে না আসেন, সে উদ্দেশ্যে তাঁর চাচা নজরুল ইসলাম খানের প্রশ্রয় ও উসকানিতে এ হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে নজরুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































