বগুড়ার আলোচিত সেই ৩ ইউনিয়ন পেল নতুন নাম

বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নামকরণ করা হয়েছে।
রবিবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করে প্রস্তাব (রেজুলেশন) আকারে লিপিবদ্ধ করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘বেতগাড়ী ইউনিয়ন’ করা হয়েছে। এ ছাড়া নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নতুন নাম ‘জগন্নাথপুর’ এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নতুন নাম ‘রহবল ইউনিয়ন’ করা হয়েছে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান জানান, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে।
সোমবার রেজুলেশন পাস হওয়ার পর প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
গত ১৪ জুন জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। ইউনিয়নগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।
এর মধ্যে ‘মীরবাড়ি’ নামটি সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। আর ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে আংশিক মিলে যাওয়ায় সমালোচনা শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে প্রতিমন্ত্রী নিজেও বিব্রতবোধ করে নাম পরিবর্তনের জন্য জেলা প্রশাসককে ডিও লেটার দেন।
পরে গত ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে প্রথম দফা এবং ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম ‘রহবল’ নির্ধারণের বিষয়ে দ্বিতীয় দফায় গণশুনানি অনুষ্ঠিত হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































