ভাঙ্গায় র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তি পালিয়ে যান।
সোমবার রাতে র্যাব-১০-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি কাভার্ড ভ্যান রেখে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
র্যাবের দাবি, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
উদ্ধার করা গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যান আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































