যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব নিচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ সোমবার দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হচ্ছেন।
দায়িত্ব ছাড়ার আগে সকালে প্রধানমন্ত্রী হিসেবে শেষ ভাষণ দেবেন কিয়ার স্টারমার। এরপর স্টারমার ও অ্যান্ডি বার্নহ্যাম বাকিংহাম প্যালেসে গিয়ে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সাক্ষাৎ শেষে ডাউনিং স্ট্রিটে নিজের প্রথম ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম। সেখানে তিনি ব্রিটেনের জনগণকে আরও স্বস্তি ও উন্নত জীবনের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক নতুন প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, স্পষ্ট কোনো পরিকল্পনা ছাড়াই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করছেন বার্নহ্যাম।
অ্যান্ডি বার্নহ্যাম শুক্রবার লেবার পার্টির নেতা নির্বাচিত হন। অন্য কোনো এমপি তার নেতৃত্বকে চ্যালেঞ্জ না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় প্রধান হন। এর আগে গত মাসেই তিনি পার্লামেন্টে প্রবেশ করেন।
নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাজ্যের রাজনীতিতে শুরু হচ্ছে নতুন এক অধ্যায়।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































