এবার ফুড ডেলিভারিম্যান পেলেন চীনের সেরা সাহিত্য পুরস্কার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৬, ১৩:৫১
অ- অ+

খাবার ডেলিভারির কাজের পাশাপাশি কবিতা লিখে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার জিতে নিয়েছেন ওয়াং জিবিং। তার কবিতার সংকলন ‘লো ফ্লাইট’–এর জন্য তিনি পেয়েছেন লু শুন সাহিত্য পুরস্কার।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী ওয়াং জিবিং ২০১৯ সাল থেকে খাবার ডেলিভারির কাজ করছেন। কাজের ফাঁকে কাগজের টুকরোয় লেখা তার কবিতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন লেখা ধীরে ধীরে পাঠকদের নজর কাড়ে।

ওয়াংয়ের পুরস্কারজয়ী বই ‘লো ফ্লাইট’-এ ডেলিভারি কর্মীদের দৈনন্দিন জীবন, সংগ্রাম ও নানা অভিজ্ঞতার চিত্র তুলে ধরা হয়েছে। প্রায় ২০০ জন ডেলিভারি কর্মীর বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বইটি লেখা হয়েছে।

চীনের আধুনিক সাহিত্যের জনক হিসেবে পরিচিত লেখক লু শুনের নামে দেওয়া এই সাহিত্য পুরস্কার দেশটির অন্যতম সম্মানজনক স্বীকৃতি হিসেবে বিবেচিত।

দারিদ্র্যের কারণে কিশোর বয়সেই পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল ওয়াংকে। এরপর তিনি নির্মাণশ্রমিক, বর্জ্য সংগ্রহকারী এবং রাস্তায় পণ্য বিক্রেতাসহ নানা ধরনের কাজ করেছেন। তবে লেখালেখির প্রতি আগ্রহ কখনো হারাননি তিনি।

গত এক দশক ধরে নিজের লেখা কবিতা ও প্রবন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আসছেন ওয়াং। ২০২২ সালে তার লেখা ‘ম্যান ইন আ হারি’ কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০১৯ সালের একটি বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে লেখা ওই কবিতায় ভুল ঠিকানায় খাবার পৌঁছে দিতে গিয়ে তার ভোগান্তির গল্প উঠে এসেছে।

২০২৩ সালে ওয়াংয়ের প্রথম কবিতার বই প্রকাশিত হয়। এর পরের বছর প্রকাশিত হয় ‘লো ফ্লাইট’, যা তাকে এনে দেয় চীনের অন্যতম বড় সাহিত্য স্বীকৃতি।

পুরস্কার পাওয়ার পরও খাবার ডেলিভারির কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়াং। তিনি বলেন, এই কাজের মাধ্যমে সাধারণ মানুষের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পান এবং এটি তাকে শারীরিকভাবে সক্রিয় রাখে।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে শ্রমজীবী মানুষের লেখা সাহিত্য অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে। এর আগে কুরিয়ার কর্মী হু আনইয়ানের স্মৃতিকথা ‘আই ডেলিভার পার্সেলস ইন বেইজিং’ এবং অভিবাসী শ্রমিক ফান ইউসুর আত্মজীবনীমূলক লেখা ‘আই অ্যাম ফান ইউসু’ পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর একজনকে জীবিত উদ্ধার
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
লস অ্যাঞ্জেলেসে গাড়ির ধাক্কায় নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা