সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে, রাশেদ খাঁন নিজেই সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনটি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি যাতে আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই।’
নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতাও কামনা করেন রাশেদ খাঁন।
(ঢাকাটাইমস/২০ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































