বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ায় বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে এবং স্থানীয় মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং যেকোনো সময় তা আরও অবনতি হতে পারে। বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল ও আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণেও বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। একই সঙ্গে ইরান–সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, শুক্রবার জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে সরকারি হিসাবে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এ ঘটনায় প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান। এরপর তাঁর নির্দেশনায় সেন্টকম ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-সংশ্লিষ্ট একাধিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালানোর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের দাবি, নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে আগের সাত রাতের তুলনায় হামলার তীব্রতা কিছুটা কম ছিল বলে দাবি করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি মাসে যুক্তরাষ্ট্র বড় পরিসরে হামলা শুরু করার পর থেকে তেহরান প্রায় প্রতিদিনই মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বিভিন্ন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে এমন ‘শিক্ষা’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, যা তারা ভুলতে পারবে না। এর আগে তেহরান সতর্ক করে বলেছিল, ইরানের বেসামরিক অবকাঠামোয় মার্কিন হামলার মূল্য পুরো অঞ্চলকে দিতে হবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৫০০ জনের বেশি।
অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফেব্রুয়ারিতে শুরু হওয়া প্রথম দফার হামলায় ইরানে প্রায় ৩ হাজার ৫০০ জন এবং লেবাননে ইসরায়েলি অভিযানে আরও প্রায় ৪ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। তবে এসব হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































